৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নামছে ৩ হাজার ই-বাস, চালুর উদ্যোগ সরকারের

প্রকাশ:

রাজধানীর গণপরিবহনে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করা, যাত্রীসেবার মান বাড়ানো এবং বায়ুদূষণ রোধে ৩ হাজার আধুনিক পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিকল্পনার প্রথম ধাপে সরকারি সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) অধীনে বাস চলাচল শুরু হবে। পরবর্তী সময়ে বেসরকারি বাস মালিকদেরও এই সমন্বিত কাঠামোর আওতায় যুক্ত করা হবে।

মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিশ্বব্যাংকের সহযোগিতায় ‘বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি)’ অধীনে ঢাকার গণপরিবহন ব্যবস্থার সংস্কার এবং নতুন ‘গ্রস-কস্ট’ মডেল চালুর বিষয়ে এ সভা আয়োজিত হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

সভায় পরিবহনমন্ত্রী জানান, ঢাকা শহরের যাতায়াত ব্যবস্থাকে আধুনিক, সাশ্রয়ী, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে পর্যায়ক্রমে এই ৩ হাজার ই-বাস চালু করা হচ্ছে। প্রাথমিকভাবে বিআরটিসির মাধ্যমে কাজ শুরু হলেও বেসরকারি বাস মালিকদের এই নতুন চালচিত্রে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার।

শেখ রবিউল আলম আরও উল্লেখ করেন, কেবল গাড়ির সংখ্যা বাড়ালেই ঢাকার পরিবহন সমস্যার সমাধান হবে না, বরং পরিচালনা পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। দীর্ঘদিনের প্রচলিত ব্যবস্থার বদলে একটি পরিকল্পিত, সুসংগঠিত ও জবাবদিহিমূলক কাঠামো তৈরি করতে হবে। এই সমন্বিত পরিবর্তন বাস্তবায়নে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে এবং এতে বিশ্বব্যাংকের পূর্ণ সহায়তা রয়েছে।

বিদ্যমান পরিবহন ব্যবস্থায় বিভিন্ন রুটে যত্রতত্র বাস থামানো, যাত্রী ওঠানামা নিয়ে অসুস্থ প্রতিযোগিতা, অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রী হয়রানির অগণিত অভিযোগ রয়েছে। একই পথে একাধিক কোম্পানির বাসের রেষারেষি নগরে নিত্য যানজট ও ভোগান্তি তৈরি করে। প্রস্তাবিত পদ্ধতির মাধ্যমে এসব জটিলতা দূর করে একটি নিয়মতান্ত্রিক গণপরিবহন অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রস্তাবিত কাঠামোর অন্যতম মূল ভিত্তি হলো ‘গ্রস-কস্ট’ মডেল। এই মডেলে পুরোনো রুট পারমিট প্রথার পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর এবং গাড়ি সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। যাত্রীদের ভাড়ার টাকা সরাসরি বাসচালকদের হাতে না গিয়ে কর্তৃপক্ষের কেন্দ্রীয় তহবিলে জমা হবে। মানসম্মত সেবা নিশ্চিত করার ভিত্তিতে বাস অপারেটরদের প্রতি কিলোমিটার ভ্রমণের হিসাবে নির্দিষ্ট অর্থ পরিশোধ করা হবে।

এর ফলে বাসে কতজন যাত্রী উঠলেন তা নিয়ে প্রতিযোগিতা বন্ধ হবে এবং নির্ধারিত সময়সূচি ও যাত্রীসেবা বজায় রাখা সম্ভব হবে। নতুন এই নিয়মে বাস পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও তদারকি জোরদার হবে। পাশাপাশি ডিজেলচালিত বাসের জায়গায় বৈদ্যুতিক বাস চলায় শহরের বায়ুদূষণ লক্ষণীয় মাত্রায় কমবে। তবে এই সেবা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় চার্জিং স্টেশন স্থাপন, রক্ষণাবেক্ষণ সুবিধা ও দক্ষ চালক-কর্মী তৈরির ওপর জোর দেওয়া হচ্ছে।

রাজধানীতে প্রতিদিন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীরা পাবলিক বাস ব্যবহার করেন। তবে ভাড়া নিয়ে নৈরাজ্য, হেলপারদের অসদাচরণ ও পর্যাপ্ত ভালো বাসের অভাবে বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েন। পরিকল্পিত এই উদ্যোগ সফল হলে স্টপেজ মেনে বাস চালানো এবং সার্বিক যাত্রীসেবায় পেশাদারত্ব প্রতিষ্ঠিত হতে পারে।

তবে ৩ হাজার বৈদ্যুতিক বাস চালুর এই লক্ষ্যপূরণে পর্যাপ্ত অর্থসংস্থান, যানবাহন সংগ্রহ, চার্জিং অবকাঠামো নির্মাণ, রুট নতুন করে বিন্যাস করা এবং বিদ্যমান বাস মালিকদের নতুন মডেলে আনা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। একই সঙ্গে নতুন প্রক্রিয়ায় যুক্তিসঙ্গত ভাড়া নির্ধারণ ও প্রতিনিয়ত সেবার মান পর্যবেক্ষণে শক্তিশালী প্রাতিষ্ঠানিক তদারকি প্রয়োজন হবে।

উক্ত আলোচনা সভায় সড়ক পরিবহন ও সেতু বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমেসহ বিশ্বব্যাংক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন