নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ থেকে ১৫০ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুক্রবার রাতে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন বাদী হয়ে লালপুর থানায় মামলাটি করেন। রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা, জনমনে ভীতি সৃষ্টি এবং নিষিদ্ধ ঘোষিত দলের সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত করার চেষ্টার অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় এ মামলা দায়ের করা হয়।
মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, কেন্দ্রীয় যুবলীগ নেতা আরিফুল ইসলাম উজ্জ্বল, নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসাহাক আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি এবং যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলসহ স্থানীয় পর্যায়ের আরও অনেক নেতাকর্মীর নাম রয়েছে। অভিযোগ রয়েছে যে, অভিযুক্তরা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন।
এ মামলার ভিত্তিতে গত ১৪ ও ১৫ নভেম্বর পৃথক অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালপুর পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম মিজু (৩০), সাবেক সহসভাপতি মো. নাদিম আলম (৩৪), ওয়ালিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য মো. সম্রাট ইসলাম (৩৭) এবং গোপালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কেতাব আলীম মন্ডল (৬০)।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেল ৫টার দিকে বিরোপাড়া গ্রাম থেকে আরিফুল ইসলাম মিজুকে এবং একই দিন রাত ৭টার দিকে ওয়ালিয়া বাজার থেকে সম্রাট ইসলামকে আটক করা হয়। এরপর রোববার (১৫ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে মধুবাড়ী থেকে নাদিম আলমকে এবং রাত দেড়টার দিকে বৈদ্যনাথপুর থেকে কেতাব আলীম মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার গ্রেপ্তারকৃত চারজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।





