২৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে নাশকতা: আগাম তথ্য নেই পুলিশের, অধরা দুর্বৃত্তরা

প্রকাশ:

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করছে। দুর্বৃত্তরা সুযোগ বুঝে জনবহুল বা গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এসব নাশকতা চালিয়ে মুহূর্তের মধ্যে গা-ঢাকা দিচ্ছে। ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করলেও অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। অপরাধীরা অত্যন্ত কৌশলী হওয়ায় এবং সিসি ক্যামেরার আওতামুক্ত এলাকা বেছে নেওয়ায় তাদের শনাক্ত করা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় প্রত্যক্ষদর্শীরাও তাদের সহজে টের পাচ্ছেন না। এই নাশকতাগুলোর বিষয়ে পুলিশের কাছে আগেভাগে কোনো গোয়েন্দা তথ্যও থাকছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, চলতি বছরের আগস্টে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকেই এসব নাশকতামূলক কর্মকাণ্ডের হার বেড়েছে। আগস্টের পর সেপ্টেম্বর মাসেও এমন অনেক ঘটনা ঘটেছে, যার মধ্যে অর্ধশতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখযোগ্য। সে সময় নাশকতার আশঙ্কায় সারা দেশে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছিল এবং বেশ কিছু দুর্বৃত্তকে গ্রেপ্তারও করা হয়। মাঝে কিছুটা বিরতি থাকলেও শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে নতুন করে ককটেল ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা থেকে রোববার রাত পর্যন্ত বেশ কয়েকটি বাসে অগ্নিসংযোগ ও একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নাশকতা এড়াতে সারা দেশের পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে।

সংশ্লিষ্ট এলাকাগুলোর দায়িত্বরত পুলিশ সদস্যদের মতে, নাশকতাকারীরা সুপরিকল্পিতভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। তারা যেখানে পুলিশের উপস্থিতি কম, এমন এলাকা বেছে নিচ্ছে এবং নিমিষেই নাশকতা শেষ করে পালিয়ে যাচ্ছে। পুলিশ বিভিন্ন সময় নাশকতার পেছনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা বললেও, তাদের বর্তমান অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে যারা এই নাশকতার মূল পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং অর্থের জোগান দিচ্ছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য হাতে নেই পুলিশের। গোয়েন্দা তথ্যের অভাবই এই অপরাধীদের একের পর এক ঘটনা ঘটানোর সুযোগ করে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তারা নানা কৌশলে নাশকতার ঘটনা ঘটাচ্ছে। তারা এমন স্থান ও স্পট বেছে নিচ্ছে যাতে ধরা না পড়ে। একইসঙ্গে নাশকতাকারীরা যাতে জনগণের ক্ষতির কারণ না হয় সেদিকে নজর দিতে বলা হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে মোটরসাইকেলে এসে নিমিষেই নাশকতা করে আবার পালিয়ে যাচ্ছে। আমরা খেয়াল রাখছি যে, নাশকতার উদ্দেশ্যে কোনো জায়গায় ক্রয়-বিক্রয় হচ্ছে কি না।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যেই একটি নির্দিষ্ট গ্রুপ এসব কাজ করছে। পুলিশ প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এরই মধ্যে নাশকতার সঙ্গে জড়িত অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরাও রয়েছে। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ বলেই মনে করছে পুলিশ। গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনের সঙ্গে সমন্বয় করে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপারেশনাল কার্যক্রম চলমান রয়েছে। কিন্তু পুলিশ এসব ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি।

জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি’র পক্ষ থেকে মোবাইল পার্টি, পিকেট ডিউটিসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে। ককটেল তৈরির উপাদান সরবরাহ ও কারা এর সঙ্গে জড়িত এমন প্রশ্নের জবাবে মো. আকতার হোসেন বলেন, ডিবি এর আগেও এ ধরনের অপরাধীদের গ্রেপ্তার করেছে এবং বিস্ফোরক উদ্ধার করেছে। বর্তমানে দাহ্য পদার্থ কেনাবেচার বিষয়টিও নজরদারিতে রাখা হয়েছে। নাশকতাকারীরা যেন কোনোভাবেই পার না পায়, সেজন্য সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্ত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা রোধে পুলিশের গোয়েন্দা বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। যেকোনো পদার্থ বিভিন্ন কারণে ব্যবহৃত হতে পারে।

শেয়ার করুন