৯ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বারী সিদ্দিকীর নবম মৃত্যুবার্ষিকী: বাঁশির সুরে অমর শিল্পী

প্রকাশ:

প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকা এক অনন্য সুরের নাম বারী সিদ্দিকী। হাওরের মাটির ঘ্রাণমাখা সংগীত আর বাঁশির মায়াবী মূর্ছনায় তিনি যে জগত তৈরি করেছিলেন, তা আজও অসংখ্য শ্রোতার আবেগ ও স্মৃতির অবিচ্ছেদ্য অংশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই কিংবদন্তি সংগীতশিল্পীর নবম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে। কিছু কণ্ঠ সময়ের গণ্ডি পেরিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকে। কিছু সুর মিশে থাকে মানুষের আবেগ, স্মৃতি আর ভালোবাসায়। তার গানে আজও খুঁজে পাওয়া যায় হাওরাঞ্চলের প্রকৃতি, মানুষের জীবন ও আবেগের ছোঁয়া।

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। তার বাবা মহরম আলী ও মা জহুর-উন-নিসার সংসারে তিন ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। শৈশব থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর টান। মাত্র তিন-চার বছর বয়সে মায়ের কণ্ঠে গান শুনে তিনি সংগীতের প্রেমে পড়েন। পাঁচ বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফুঁ দিয়ে নিজের শিল্পী সত্তার জানান দিয়েছিলেন তিনি। সাত-আট বছর বয়সেই মায়ের কাছে শুরু হয় তার সংগীতচর্চার হাতেখড়ি। পরিবারে প্রাতিষ্ঠানিক সংগীতচর্চার পরিবেশ না থাকলেও সৌখিনভাবে গানবাজনার চর্চা ছিল। সংগীতচর্চায় সবচেয়ে বেশি অনুপ্রেরণা পেয়েছেন মায়ের কাছ থেকে।

স্কুলজীবন থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে ওস্তাদ গোপাল দত্তের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। পরবর্তী সময়ে রফিক মাহমুদ, বিপুল চৌধুরীসহ আরও কয়েকজন গুণী শিল্পীর সান্নিধ্য পান। সংগীতের প্রতি তার তীব্র আগ্রহ ও সাধনা ছিল অবিরাম। বাঁশি শেখার জন্য তিনি ভারতের পুনেতে গিয়ে পণ্ডিত বিজি কারনাডের শিষ্যত্ব গ্রহণ করেন। পেশাগতভাবে ১৯৮০ সাল থেকে বাঁশি বাজানো শুরু করেন এবং ১৯৮৬ সালে বিটিভির ‘সৃজন’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথমবার বাঁশি বাজিয়ে নজর কাড়েন। পরে জেলা সদরের কারলিতে গড়ে তোলেন ‘বাউল বাড়ি’। বড় ভাইদের অনুকরণে বাঁশি বাজানোর চেষ্টা করতেন। শ্যাম বিচ্ছেদের সেই গানের কথাগুলো ছিল—‘আস্ট আঙ্গুল বাঁশের বাঁশি/ মধ্যে মধ্যে ছ্যাদা/ নাম ধরিয়া ডাকে বাঁশি/ কলংকিনী রাধা’।

১৯৮০ সালের দিকে ঢাকায় শুদ্ধ সংগীত প্রসারের এক অনুষ্ঠানে উপমহাদেশের বিখ্যাত বংশীবাদক ওস্তাদ পান্না লাল ঘোষের শিষ্য ওস্তাদ আমিনুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। তার বাড়িতে থেকে দীর্ঘদিন বাঁশির সুরের জটিল সব কলাকৌশল রপ্ত করেন বারী সিদ্দিকী। সেই সময়ে তিনি ওস্তাদ তাগাল ব্রাদার্স, পণ্ডিত দেবেন্দ্র মুৎসুদ্দী এবং ওস্তাদ আয়েফ আলী খান মিনকারীর মতো সংগীতজ্ঞদের সাহচর্য লাভ করেন।

১৯৯৯ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফ্লুট সম্মেলনে উপমহাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী, যা ছিল বাংলাদেশের সংগীত জগতের জন্য বড় অর্জন। তবে ১৯৯৫ সালে বিটিভির ‘রং-এর বারৈ’ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশের পর তার পরিচিতি পায় নতুন মাত্রা। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাহচর্যে তার সংগীতজীবনের মোড় ঘুরে যায়। ১৯৯৯ সালে ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গাওয়ার প্রস্তাব পাওয়ার পর থেকেই তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

হুমায়ূন আহমেদের উৎসাহ ও সাহসেই তিনি সংগীতের মূলধারায় নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। পরবর্তী সময়ে তার ‘দুঃখ রইলো মনে’ ও ‘অপরাধী হইলেও আমি তোর’ অ্যালবামগুলো শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। উকিল মুন্সির গানগুলোর প্রতি তার বিশেষ দুর্বলতা ছিল। বারী সিদ্দিকী বলতেন, হুমায়ূন স্যারের সাহস আর উৎসাহই তাকে গায়ক হিসেবে সামনের দিকে এগিয়ে দিয়েছে।

‘মানুষ ধরো মানুষ ভজ’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ কিংবা ‘শুয়া চান পাখি’র মতো কালজয়ী গানে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

কণ্ঠশিল্পী হিসেবে খ্যাতি পেলেও নিজের পরিচয় দিতে তিনি বাঁশিবাদক হিসেবেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।

বাঁশির প্রতি ছিল তার আমৃত্যু ভালোবাসা। পাশাপাশি ‘মাটির পিঞ্জিরা’ চলচ্চিত্রে অভিনয় এবং ‘পাগলা ঘোড়া’ নাটকে কাজ করলেও তিনি অভিনয়ের চেয়ে সংগীতকেই জীবনবোধের মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। আজ তিনি নেই, কিন্তু তার সুরের মূর্ছনা আজও বাংলা সংগীতের আকাশকে আলোকিত করে রেখেছে।

শেয়ার করুন