কনসার্ট বাতিলের পরও টাকা ফেরাতে গড়িমসি, গ্রাহকদের অভিযোগ

প্রকাশ:

একের পর এক কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে অগ্রিম টিকিট বিক্রির পর অনুষ্ঠান বাতিল এবং সেই টিকিটের টাকা ফেরত না দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, অনুষ্ঠান বাস্তবায়ন না হলে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজ বন্ধ করে দেয়।

সর্বশেষ গত ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশনে শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে প্রায় ৫ থেকে ৭ হাজার অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছিল। কিন্তু সেই অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে আগামী ১ আগস্ট একই ভেন্যুতে এইচএসপি কমিউনিকেশনের সঙ্গে যৌথ আয়োজনে অনুপম রায়ের আরেকটি কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। তবে আগের টিকিটধারীরা এই কনসার্টে প্রবেশের সুযোগ পাচ্ছেন না এবং তাদের নতুন করে টিকিট কিনতে হচ্ছে। আগেরবারের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি বলে দর্শকদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

এর আগেও ২০২৪ সালের ২৯ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করেছিল ট্রিপল টাইম কমিউনিকেশন। ওই আয়োজন নিয়েও অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ উঠেছিল। অনেক দর্শক অভিযোগ করেছিলেন, বৈধ টিকিট থাকা সত্ত্বেও তারা নির্ধারিত আসনে বসতে পারেননি বা অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারেননি। স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট বিক্রি করায় পুরো আয়োজনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।

এছাড়া ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর ইউনাইটেড কোর্টসাইডে ‘হাইপ নেশন’ ও ‘ট্রিপল টাইম কমিউনিকেশন’-এর ব্যানারে সংগীতশিল্পী অনুভ জৈন’র একটি কনসার্ট ঘোষণার পর তা বাতিল করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, অধিকাংশ দর্শক তাদের টিকিটের অর্থ ফেরত পাননি। টাকা চাইতে অফিসে গেলে কর্মকর্তা-কর্মচারীরা তাদের ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। তাসদীদ সৌখিন ও এইচ এম আব্দুল্লাহসহ একাধিক ভুক্তভোগী জানান, পাওনা অর্থ চাইতে গেলে তাদের বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে পড়তে হয়েছে।

আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য নতুন কনসার্টটি নিয়েও দর্শকদের মধ্যে শঙ্কা কাজ করছে। পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা এই আয়োজনের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে কেপিআইভুক্ত এলাকায় বড় ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে সুসংগঠিত ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন তারা।

অভিযোগের বিষয়ে ট্রিপল টাইম কমিউনিকেশনের সত্ত্বাধিকারী প্রীতম দে বলেন, “এসব অভিযোগ ভিত্তিহীন। আমি বা আমার প্রতিষ্ঠান এমন কাজে যুক্ত নই। অনুপম রায়ের কনসার্টটি সুষ্ঠুভাবে শেষ করার জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।” অন্যদিকে, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানিয়েছেন, অনুষ্ঠানটিকে ঘিরে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো নিরাপত্তা ঘাটতি থাকবে না বলে আশা করছেন তারা।

জানা যায়, গত ২৬ জুন রাজধানীর ইউনাইটেড কনভেনশনে শিল্পী অনুপম রায়ের কনসার্ট আয়োজনের ঘোষণা দিয়ে প্রায় ৫-৭ হাজার অগ্রিম টিকেট করা হয়। কিন্তু সেই অনুষ্ঠান বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে। তবে আগামী ১ আগস্ট একই ভেন্যুতে এইচএসপি কমিউনিকেশনের সঙ্গে যৌথ আয়োজনে অনুপম রায়ের আরেকটি কনসার্ট আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু সেই আগের বিক্রি করা টিকিটে দর্শকরা দেখতে পারছেন না এই কনসার্টটি। নতুন করে কিনতে হচ্ছে টিকিট। যদিও আগেরবারের টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি দর্শকদের বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে দর্শকদের মাঝে।

শেয়ার করুন