৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, কার্যকর বাস্তবায়ন জরুরি: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশ:

ডেঙ্গু প্রতিরোধে কেবল কর্মপরিকল্পনা তৈরি করাই যথেষ্ট নয়, বরং মাঠপর্যায়ে এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের অধীন ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী সতর্ক করে বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাস ডেঙ্গুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি উল্লেখ করেন যে, গত বছরের তুলনায় বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম হলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। ডেঙ্গু মোকাবিলায় কর্মপরিকল্পনার পাশাপাশি তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ড. আবদুল মঈন খান বলেন, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। শুধু পরিকল্পনা প্রণয়ন করেই দায়িত্ব শেষ করা যাবে না, বরং মাঠপর্যায়ে এর যথাযথ বাস্তবায়ন হচ্ছে কি না, তাও নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রোগাক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করা বেশি কার্যকর, তাই এই বিষয়টি মাথায় রেখেই চলমান কার্যক্রম জোরদার করতে হবে।

ডেঙ্গুর দীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এটি কোনো নতুন রোগ নয়, প্রায় দুই হাজার বছর ধরে বিশ্ববাসী এর সঙ্গে লড়াই করছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনা তৈরির সময় ডেঙ্গুর ইতিহাস, পরিবেশ ও মশার বিস্তারসহ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আধুনিক প্রযুক্তির পাশাপাশি স্থানীয় বাস্তবতা ও অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বব্যাংকের ঢাকাস্থ অফিসের সিনিয়র অপারেশনস অফিসার ও প্রকল্পের টাস্ক টিম লিডার ইফ্ফাত মাহমুদ। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, আইসিডিডিআরবি, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর, নিপসম, আবহাওয়া অধিদপ্তর, বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্থানীয় সরকার বিভাগের অধীন ‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেয়ার করুন