বীর মুক্তিযোদ্ধা ও অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক খন্দকার মোহাম্মদ আবুল হাসনাত, যিনি সাংবাদিক মহলে কিসমত খন্দকার নামে পরিচিত ছিলেন, আর নেই। বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর আফতাবনগরের নাগরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা রিসাত। তিনি জানান, কিসমত খন্দকার বেশ কয়েকদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে তিনি ডাক্তার দেখিয়েছিলেন এবং বিকেলে রিপোর্ট নিয়ে পুনরায় ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তবে সেই সুযোগ পাওয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মরহুমের পরিবার সূত্রে জানা গেছে, তার মরদেহ বাসা থেকে কাকরাইলের আঞ্জুমান মফিদুলে নেওয়া হবে। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হবে।
কিসমত খন্দকার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং অর্থ-বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইআরএফ।





