হিট প্রকল্পের আওতায় একাডেমিক ইনোভেশন ফান্ডের মাধ্যমে গবেষণা উপ-প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার সকালে বাংলাদেশ বিজ্ঞান একাডেমিতে আয়োজিত ‘উপ-প্রকল্প মূল্যায়ন পরিচিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা জানান।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, প্রকল্পের প্রথম পর্বে উপ-প্রকল্প নির্বাচন নিয়ে গবেষক মহলে যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, তা দূর করে তাদের আস্থা ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। গবেষণার মানোন্নয়ন ও দেশের বৈজ্ঞানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্প আহ্বান থেকে শুরু করে ফলাফল ও প্রভাব মূল্যায়ন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে অধিকতর স্বচ্ছ করা হচ্ছে।
ইউজিসি চেয়ারম্যান জানান, দ্বিতীয় ধাপের প্রকল্প আহ্বানে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে প্রাথমিক যাচাই-বাছাইয়ে দীর্ঘ সময় নেওয়া হয়েছে। নির্ধারিত তথ্য প্রদানে ব্যর্থ হওয়ায় প্রায় দুই-তৃতীয়াংশ আবেদন প্রাথমিক পর্যায়েই বাতিল করা হয়েছে। এছাড়া নিরপেক্ষতা নিশ্চিতে আবেদনকারীদের নাম ও প্রতিষ্ঠানের পরিচয় প্রস্তাবনাপত্রে উল্লেখ না করার নির্দেশনা দেওয়া হয়েছিল, যা অধিকাংশ ক্ষেত্রে মানা হয়নি। নীতিমালার ব্যত্যয় ঘটায় সেসব প্রস্তাব মূল্যায়ন প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে।
মূল্যায়ন প্রক্রিয়ায় নতুন ব্যবস্থার কথা তুলে ধরে তিনি জানান, প্রতিটি বিষয়ের জন্য স্বতন্ত্র বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে এবং মূল্যায়নকারীদের পৃথক পরিচিতি নম্বর দেওয়া হয়েছে। প্রতিটি প্রকল্পের জন্য লটারির মাধ্যমে দুইজন মূল্যায়নকারী নির্বাচন করা হচ্ছে, যাতে ব্যক্তি-নির্ভরতা কমিয়ে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। এছাড়া মূল্যায়নকারীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে, তারা যেন কোনো ধরনের প্রভাব বা ব্যক্তিগত সম্পর্কের কাছে নতি স্বীকার না করে গবেষণার মৌলিকত্ব ও জাতীয় প্রয়োজনকে প্রাধান্য দেন। একইসঙ্গে গুণগত মান বজায় রাখতে একজন মূল্যায়নকারীকে দিনে একটির বেশি প্রকল্প মূল্যায়ন না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আলোচনা সভায় ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী এবং হিট প্রকল্পের প্রকল্প পরিচালক ড. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বুধবার (২৯ জুলাই) সকালে হিট প্রকল্পের আওতায় ‘উপ-প্রকল্প মূল্যায়ন পরিচিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান একাডেমিতে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে গবেষণা প্রকল্প মূল্যায়নকারীরা অংশ নেন।
অধ্যাপক মামুন আহমেদ বলেন, একাডেমিক ইনোভেশন ফান্ডের আওতায় ১ম পর্বে উপপ্রকল্পের মূল্যায়ন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে গবেষক মহলের একটি অংশে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। সেই ধারণা দূর করে গবেষকদের আস্থা ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য।





