রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে ক্যাম্পাসের তিনটি সাংবাদিক সংগঠন। বুধবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস), রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু) এক সম্মিলিত প্রতিবাদলিপির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়।
সংগঠনগুলোর নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে তার বক্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে সাংবাদিকদের পক্ষ থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানিয়েছেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা উল্লেখ করেন, কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে রাকসু ভিপি সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, ট্যাগিং দেওয়া এবং বিভিন্ন ধরণের হুমকিমূলক বক্তব্য প্রদান করেন। নেতাদের মতে, তার এই বক্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের অধিকারকে ক্ষুন্ন করেছে।
সাংবাদিক নেতারা আরও বলেন, কোনো সংবাদের বিষয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদলিপি দিতে পারে অথবা আইনি প্রতিকার চাইতে পারে। কিন্তু একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হয়ে সাংবাদিকদের হুমকি দেওয়া এবং ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া কোনোভাবেই কাম্য নয়।





