টঙ্গীতে চাঁদাবাজি ও ত্রাসের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

প্রকাশ:

গাজীপুরের টঙ্গীতে কারখানা এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে টঙ্গীর মিরাশপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া বিল্লাল হোসেন সানি (৪৫) টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং তিনি ওই এলাকার বাসিন্দা মো. ওমর আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুন দুপুরে টঙ্গীর পাগাড় ফাইজা বাটন অ্যান্ড জিপার লিমিটেড কারখানা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক মোটরসাইকেলযোগে মহড়া দেয় দুর্বৃত্তরা। এ সময় এলাকায় ত্রাস সৃষ্টি ও চাঁদাবাজির ঘটনা ঘটে। ওই ঘটনার পর দায়ের করা মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিল্লাল হোসেন সানিকে শনাক্ত করা হয়। এর প্রেক্ষিতেই মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকে থানা থেকে আদালতে পাঠানোর সময় তার অনুসারীরা সাংবাদিকদের ওপর হামলা চালান। পুলিশের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন দুঃখ প্রকাশ করেছেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত বিএনপি নেতাকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। সাংবাদিকদের সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়ে তিনি বলেন, আসামির ছবি তোলাকে কেন্দ্র করে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জন্য উপস্থিত বিএনপি নেতারা দুঃখ প্রকাশ করেছেন।

শেয়ার করুন