বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়ানো সরকারের অন্যতম লক্ষ্য: কৃষিমন্ত্রী

প্রকাশ:

বাংলাদেশকে বিশ্ববাজারে একটি শক্তিশালী কৃষিপণ্য রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে সরকার। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা জানান। তিনি বলেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও রপ্তানিমুখী করে তোলার জন্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি জানান, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী মানসম্মত কৃষিপণ্য উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও কৃষকদের সক্ষমতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সার সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে বর্তমানে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং কৃষকদের প্রয়োজনীয় সারের সরবরাহে কোনো ঘাটতি নেই। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সরকার কঠোর নজরদারি বজায় রেখেছে বলেও তিনি নিশ্চিত করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী কৃষি-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় কৃষি গবেষণা জোরদার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভায় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলামসহ কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন