১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত আরও সাত কর্মীর মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে

প্রকাশ:

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর মধ্যে বাকি সাতজনের মরদেহ শনিবার (৩১ অক্টোবর) দেশে পৌঁছাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিক প্রাণ হারান। ঘটনার পর গত ২৭ আগস্ট প্রথম দফায় নয়জনের মরদেহ দেশে আনা হয়েছিল। তবে বাকি সাতজনের মরদেহ আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ ডিএনএ পরীক্ষার পর তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ থাকায় মরদেহগুলো সড়কপথে জেদ্দায় নেওয়া হয়। পরবর্তীতে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে মরদেহগুলো ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া সাতজন হলেন- নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী। এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেনের মরদেহও আজ দেশে ফিরছে।

শেয়ার করুন