ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় পর্দা দিয়ে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ‘ফিমেল জোন’ চালুর ঘটনাটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার ডাকসুর উদ্যোগে এই জোনটি চালু করা হয়। উদ্বোধনের পর থেকেই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে; অনেকে একে পর্দানশীন শিক্ষার্থীদের জন্য ইতিবাচক হিসেবে দেখলেও বিভিন্ন মহলে সমালোচনাও তৈরি হয়েছে।
এই অবকাঠামোগত পরিবর্তনের বিষয়ে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালক ফারজানা বাসারের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত ওই চিঠিতে এ বিষয়ে মতামত জানতে চাওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ২৩ জুলাই বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসে। এতে বলা হয়েছে, টিএসসির ক্যাফেটেরিয়ায় এই পরিবর্তনের বিষয়ে টিএসসির ভারপ্রাপ্ত পরিচালকের সাথে কোনো পরামর্শ করা হয়নি এবং কোনো অনুমতিও নেওয়া হয়নি। এছাড়া অবকাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া জরুরি ছিল বলেও চিঠিতে মত প্রকাশ করা হয়।
অন্যদিকে, ডাকসুর কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, নারী শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য, গোপনীয়তা ও প্রয়োজনের কথা বিবেচনা করেই ডাকসুর সীমিত বাজেটে এই সংরক্ষিত টেবিল বা ‘ফিমেল জোন’ স্থাপন করা হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের সব নারী শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। তিনি দাবি করেন, সাধারণ শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে কিছু রাজনৈতিক নেতা-নেত্রী অযাচিত সমালোচনা করছেন বলেও তিনি মন্তব্য করেন।
উদ্বোধনের পরদিন শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন। তিনি সেখানে আশা প্রকাশ করেন যে, এই ফিমেল জোন যেন পরবর্তীতে কোনো নির্দিষ্ট সংগঠনের উইং বা শাখায় পরিণত না হয়।
ওই চিঠিতে বলা হয়, ‘২৩ জুলাই ২টি পত্রিকায় প্রকাশিত হয় যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক টিচার-স্টুডেন্ট সেন্টারের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নারীদের জন্য আলাদা একটি ফিমেল জোন বা নারী নির্ধারিত স্থান চালু করা হয়েছে।





