শর্তসাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

প্রকাশ:

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স প্রায় দেড় মাস পর পুনর্বহাল করেছে সরকার। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে হাসপাতালটিকে শর্তসাপেক্ষে পুনরায় চিকিৎসা কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়ার কথা জানানো হয়।

এর আগে ছয় নবজাতকের মৃত্যুর মর্মান্তিক ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়েছিল। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই তিন কর্মদিবসের মধ্যে সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল তদন্ত কমিটিকে। কমিটির দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় লাইসেন্স বাতিলের আগের আদেশটি প্রত্যাহার করে নিয়েছে মন্ত্রণালয়।

তবে পুনরায় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হাসপাতালটির ওপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, হাসপাতালটিকে ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব বিধান যথাযথভাবে মেনে চলতে হবে।

এছাড়া লাইসেন্সের নিয়ম অনুযায়ী হাসপাতালে পর্যাপ্ত ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে লাইসেন্সের কোনো শর্ত লঙ্ঘন করা হলে হাসপাতালটির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন