ভৈরবে বাজারের নাম নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রকাশ:

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে একটি বাজারের নামকরণকে কেন্দ্র করে আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) সকাল ৮টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষে মাসুদ মিয়া (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়া মিরারচর এলাকার বাসিন্দা আসাদ মিয়ার ছেলে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের দুই পাশে গড়ে ওঠা এই বাজারের নামকরণ নিয়ে দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে আকবরনগর ও মিরারচর গ্রামের মানুষের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নতুন করে নামকরণ নিয়ে উত্তেজনা দেখা দিলে কয়েকদিন ধরেই উভয় পক্ষের মধ্যে অস্থিরতা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে পরিস্থিতি সংঘর্ষের রূপ নেয়।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যদের স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া হিরন মিয়া নামে একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বর্তমানে সেখানে অবস্থান করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিনের এই বিরোধের কারণ এবং সংঘর্ষের নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেয়ার করুন