পরীক্ষাব্যবস্থা সংস্কারে নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্কফোর্স গঠন করল ভারত

প্রকাশ:

ভারতের শিক্ষা ব্যবস্থাকে আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং প্রযুক্তিভিত্তিক করে তুলতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানিকে এই বিশেষজ্ঞ দলটির প্রধান করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই নতুন টাস্কফোর্স গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে কেন্দ্র সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত অপরাধীরা বর্তমানে কারাগারে সাজা ভোগ করছে এবং তাদের বিচারের জন্য দ্রুত বিচার আদালতও স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, সোমবার (২৭ জুলাই) সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ পেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

এই টাস্কফোর্স গঠনের মূল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদী সংস্কারের মাধ্যমে দেশের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা। এই বিশেষজ্ঞ দল যে প্রতিবেদন জমা দেবে, তার ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আকস্মিক পদত্যাগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কাঠামো পুনর্গঠনের পর এটি সরকারের আরেকটি বড় পদক্ষেপ। প্রধানমন্ত্রী হিসেবে তরুণ ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটি ছিল মোদির তৃতীয়বারের মতো সরাসরি বক্তব্য।

এদিকে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পর সমালোচনামূলক প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী দল সিপিআইএম-এর রাজ্যসভার এমপি জন ব্রিটাস। তিনি প্রশ্ন তুলেছেন, দুই বছর আগে ২০২৪ সালের জুনে নিট-ইউজি প্রশ্নফাঁস কেলেঙ্কারির পর গঠিত কে রাধাকৃষ্ণন কমিটির জমা দেওয়া ১৮৪ পৃষ্ঠার প্রতিবেদনের অগ্রগতি সম্পর্কে সরকার এখনো স্পষ্ট কিছু জানায়নি।

শেয়ার করুন