ছাত্রী হলে ডিজিটাল নিরাপত্তা ও প্রবেশের সময়সীমা বাড়ানোর দাবি ডাকসুর

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করা, অছাত্র ও বহিরাগতদের অবৈধ প্রবেশ রোধে ভোগান্তি কমাতে প্রতিটি হলে আধুনিক ডিজিটাল সিকিউরিটি গেট স্থাপনের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। একইসঙ্গে নারী শিক্ষার্থীদের রাতে হলে প্রবেশের সময়সীমা যৌক্তিকভাবে বৃদ্ধি এবং এই সংক্রান্ত হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

রবিবার (২৬ জুলাই) ডাকসুর ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে দেখা করে আনুষ্ঠানিকভাবে এই দাবিগুলো পেশ করে এবং এর বাস্তবসম্মত সমাধানের রূপরেখা তুলে ধরে।

ডাকসু জানায়, প্রতিটি ছাত্রী হলে আধুনিক ডিজিটাল সিকিউরিটি গেট স্থাপনের প্রস্তাব তারা আগেই দিয়েছিল এবং এর জন্য স্পন্সরের মাধ্যমে অর্থায়নের ব্যবস্থাও করা হয়েছিল। তাদের পরিকল্পনা অনুযায়ী, শিক্ষার্থীদের আইডি কার্ড পাঞ্চ, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস রিকগনিশন প্রযুক্তির সমন্বয়ে এই নিরাপত্তা ব্যবস্থা চালুর কথা ছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও অনুমোদনের অভাবে এই উদ্যোগটি এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

প্রতিনিধিদলটি জানায়, ডিজিটাল সিকিউরিটি ব্যবস্থা চালু হলে হলগুলোর নিরাপত্তা বাড়ত এবং প্রবেশের সময়সীমা সংক্রান্ত বর্তমান জটিলতারও সমাধান হতো। এছাড়া অনাবাসিক শিক্ষার্থীদের নিজ নিজ হলে প্রবেশ এবং এক হলের নারী শিক্ষার্থীদের অন্য ছাত্রী হলে প্রবেশের সুযোগ দেওয়ার দাবিও জানানো হয়েছে।

পাশাপাশি নারী শিক্ষার্থীদের অভিভাবকদের হলে আসাকে কেন্দ্র করে যে ভোগান্তি হয়, তা নিরসনেও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে ডাকসু। সংগঠনটির মতে, অতীতে এসব বিষয়ে আলোচনা হলেও প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি, তাই দ্রুত সমাধানের লক্ষে তারা পুনরায় এসব দাবির পুনরাবৃত্তি করেছে।

শেয়ার করুন