বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন বিভাগীয় তথ্য ও শিক্ষক প্রোফাইল দ্রুত হালনাগাদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানের স্বাক্ষরে গত ২৬ জুলাই জারি করা এক অফিস আদেশে আগামী ১৩ আগস্টের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার ও পরিচিতির মাধ্যম হিসেবে উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক, গবেষক এবং দেশি-বিদেশি অংশীজনদের কাছে সঠিক ও হালনাগাদ তথ্য পৌঁছে দেওয়া জরুরি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং তথ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর আগে ১৯ জুলাই দৈনিক এদিনে প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ব্যবস্থাপনার সীমাবদ্ধতা, শিক্ষকদের অসম্পূর্ণ প্রোফাইল এবং তথ্যের অভাবের বিষয়টি উঠে এসেছিল। প্রশাসনের এই নতুন নির্দেশনাকে সংশ্লিষ্টরা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিভাগ ও দপ্তরকে তাদের পরিচিতি, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, যোগাযোগের ঠিকানা, চলমান কার্যক্রম, গবেষণা, প্রকাশনা, নোটিশ ও ছবিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে আপডেট করতে হবে। বিশেষ করে শিক্ষকদের ব্যক্তিগত প্রোফাইলে নাম, পদবি, ছবি, শিক্ষাগত যোগ্যতা, গবেষণার ক্ষেত্র, প্রকাশনা ও যোগাযোগের তথ্যের পাশাপাশি Google Scholar, ORCID, ResearchGate এবং LinkedIn-এর লিংক যুক্ত করতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন যে, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গবেষক ও তথ্যপ্রত্যাশীদের জন্য ওয়েবসাইটটি আরও কার্যকর ও তথ্যবহুল হয়ে উঠবে। আইসিটি সেলের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে এই হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।





