মৌলভীবাজারে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু

প্রকাশ:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুকুরে ডুবে ইলহাম আহমদ (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি স্থানীয় পশ্চিম পাকশাইল জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেমের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে বাড়ির আঙিনায় খেলা করছিল ইলহাম। পরিবারের সদস্যদের অগোচরে এক পর্যায়ে সে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে।

শেয়ার করুন