শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও বিক্ষোভ অব্যাহত, ৩ শর্তে আল্টিমেটাম সিজেপি’র

প্রকাশ:

ভারতের ককরোচ বা তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। শনিবার (২৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত হওয়ার পরও আন্দোলনকারীরা বিক্ষোভস্থল থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা করছে না।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিক্ষোভকারীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে স্পষ্ট করেছেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মেন্দ্রর পদত্যাগের পাশাপাশি তাদের আরও তিনটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে।

সংগঠনটির নতুন দাবিগুলোর মধ্যে রয়েছে—নিট (NEET) পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের প্রত্যেকের পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়ত, বর্তমানে আন্দোলনরত কোনো শিক্ষার্থীর বিরুদ্ধেই কোনো প্রকার আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তৃতীয় দাবি হিসেবে তারা জানিয়েছে, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশকে বিক্ষোভকারীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

এদিকে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে বিজয়-উল্লাস করেছেন। এই ঘটনাকে ভারতের গণতন্ত্রের জন্য বড় জয় হিসেবে আখ্যা দিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া আন্দোলনের অন্যতম মুখ সোনাম ওয়াংচুকও একে গণতন্ত্রের বিজয় বলে মন্তব্য করেছেন। দেশটির বিভিন্ন মানবাধিকারকর্মী, পরিবেশবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা এই পরিস্থিতির ওপর নিয়মিত প্রতিক্রিয়া জানাচ্ছেন।

শেয়ার করুন