শিক্ষামন্ত্রীর পদত্যাগে বাধ্য হলেন ভারতের ধর্মেন্দ্র প্রধান

প্রকাশ:

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত কেন্দ্রীয় সরকারের সাথে আন্দোলনরত ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফা বৈঠকের আগেই তিনি এই সিদ্ধান্ত জানালেন।

দিল্লির জন্তর মন্তরে আয়োজিত এই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সিজেপি আগেই জানিয়েছিল যে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া সরকারের সাথে কোনো প্রকার আলোচনায় তারা বসবে না। এই দাবির প্রেক্ষিতেই শুক্রবার বিকেলে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং সিজেপি প্রতিনিধিদের সাথে দ্বিতীয় দফা বৈঠক করেন। আজ শনিবার বিকেলে তৃতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আন্দোলনকারী প্ল্যাটফর্মটি তাদের দাবিনামায় তিনটি মূল বিষয় তুলে ধরেছিল। যার মধ্যে অন্যতম ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া, বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেয়ার নিশ্চয়তা এবং নিট প্রশ্নফাঁসের ঘটনায় বিষণ্নতায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবিও জানিয়েছে তারা। উল্লেখ্য, মেডিক্যাল পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছিল।

শেয়ার করুন