রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, স্পিকারই পেলেন ভারপ্রাপ্তের দায়িত্ব

প্রকাশ:

গুরুতর স্বাস্থ্যগত জটিলতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৩ দফা অনুযায়ী, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে দাখিল করেন। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

পদত্যাগপত্রটি গ্রহণ করার পর জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রমের জন্য নির্দেশ দিয়েছেন স্পিকার। রাষ্ট্রপতি কেন পদত্যাগ করলেন, এই কৌতূহল অনেকেরই রয়েছে উল্লেখ করে স্পিকার জানান, রাষ্ট্রপতি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছেন।

স্পিকার আরও জানান, রাষ্ট্রপতির হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি নামের রোগ শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগ এবং শারীরিক-মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যেদিন তিনি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, সেদিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও শপথ নিয়েছেন। কোনো কারণে স্পিকারের পদ শূন্য থাকলে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করবেন। তিনি বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করেন। স্পিকার মনে করেন, রাষ্ট্রপতি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি তিনি সবসময়ই সমর্থন ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

শেয়ার করুন