ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও উর্ধ্বমুখী হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে পৌঁছেছে। গত ৮ জুনের পর এটিই তেলের সর্বোচ্চ দাম।
এর আগে, আগের দিনের লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৩ ডলারের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ০৭ ডলারে উঠেছিল। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৪ ডলার বা ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৮ দশমিক ২৭ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।





