পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি, উত্তর কোরিয়ার সাথে একই অবস্থানে

প্রকাশ:

বিশ্বের পাসপোর্টগুলোর সক্ষমতা নিয়ে লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত ২০২৬ সালের মাঝামাঝি সময়ের নতুন সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। সূচক অনুযায়ী, এই দুই দেশের পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারেন; যদিও গত বছর বাংলাদেশের পাসপোর্টধারীরা ৩৭টি দেশে এই সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারতেন।

সূচকটি তৈরির ক্ষেত্রে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যকে বিবেচনায় নেওয়া হয়েছে। গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। এর আগের বছরগুলোতে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ৯৭তম (২০২৪), ১০১তম (২০২৩), ১০৩তম (২০২২), ১০৮তম (২০২১) এবং ৯৮তম (২০২০)। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

এবারের সূচকে যথারীতি শীর্ষে অবস্থান করছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ১৯২টি দেশ ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার তিন দেশ—জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই); এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। সূচকে তৃতীয় অবস্থানে থাকা সুইডেনের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। চতুর্থ অবস্থানে থাকা ১১টি ইউরোপীয় দেশ হলো বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন; এই দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৬টি দেশে ভিসামুক্ত সুবিধা পান। পঞ্চম অবস্থানে থাকা অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড ও যুক্তরাজ্য, যাদের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে ভ্রমণ করতে পারেন। সপ্তম অবস্থানে থাকা আটটি দেশ—অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অষ্টম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার পাসপোর্টধারীরা ১৮২টি দেশে, নবম অবস্থানে থাকা লিচেনস্টেইন ও লিথুনিয়ার পাসপোর্টধারীরা ১৮১টি দেশে এবং দশম অবস্থানে থাকা আইসল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারীরা ১৮০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা ১৬তম অবস্থানে থেকে ১৬৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পাচ্ছে। যুদ্ধরত ইউক্রেন ৩১তম এবং রাশিয়া ৪২তম অবস্থানে রয়েছে; ইউক্রেনের পাসপোর্টধারীরা ১৪২টি এবং রাশিয়ার পাসপোর্টধারীরা ১১৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। ইসরায়েল ১৮তম অবস্থানে থেকে ১৬৬টি দেশে, ইরান ও ফিলিস্তিন ৯৬তম অবস্থানে থেকে ৩৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা পায়। সৌদি আরব ৫৪তম এবং চীন কসভোর সঙ্গে যৌথভাবে ৬০তম অবস্থানে রয়েছে, যাদের পাসপোর্টধারীরা ৮৩টি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। হাইতি ও ভিয়েতনাম রয়েছে ৮৭তম অবস্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মালদ্বীপ ৫২তম অবস্থানে থেকে ৯৩টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা নিয়ে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ধরে রেখেছে। এরপর ভারতের অবস্থান ৮১তম (৫৫টি দেশ), ভুটান ৮৮তম (৪৭টি দেশ), মিয়ানমার ৯১তম (৪৩টি দেশ) এবং শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি দেশ)। বাংলাদেশের ঠিক পেছনে ৯৮তম অবস্থানে নেপাল (৩৪টি দেশ) এবং ১০১তম অবস্থানে পাকিস্তান (২৯টি দেশ) রয়েছে। তালিকার সবার শেষে ১০৪তম অবস্থানে রয়েছে আফগানিস্তান (২২টি দেশ)। এছাড়া সিরিয়া ১০৩তম (২৫টি দেশ) এবং ইরাক ১০২তম (২৮টি দেশ) অবস্থানে রয়েছে।

শেয়ার করুন