৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের পর ছড়াল ধ্বংসাবশেষ

প্রকাশ:

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে সৌদি কর্তৃপক্ষ। শনিবার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ মক্কা, জেদ্দা, তায়েফ ও রাবিগ অঞ্চলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও জানানো হয়নি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-র তথ্যানুসারে, মক্কার ওয়াদি আল-মাগমাস এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পতিত হয়। এছাড়া জেদ্দার আল-নুজহা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগ গভর্নরেটের মাসতুরাহ সেন্টারে ধ্বংসাবশেষ পড়ার বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ ধরনের জরুরি পরিস্থিতিতে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলার ঘটনার পর হুতি বিদ্রোহীরা পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগটি সরাসরি অস্বীকার করেছে।

এর আগে গত ১লা অক্টোবর সৌদি জোট জানায়, হুতিরা মদিনার তাইবা বিদ্যুৎ বিতরণকেন্দ্রে হামলা চালিয়েছিল, যা থেকে মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়। ঘটনায় একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হলেও সরবরাহ ব্যবস্থা সচল ছিল। ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে হুতিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার দাবি করেছে জোট। তবে এই অভিযোগের বিষয়ে হুতিরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

পবিত্র স্থানগুলোর কাছাকাছি হুতিদের হামলার চেষ্টা এবারই প্রথম নয়। এর আগে গত ২৪ সেপ্টেম্বর মক্কার আকাশসীমায় প্রবেশের আগেই একটি হুতি ড্রোন ধ্বংস করে সৌদি আরব। জোটের ভাষ্য অনুযায়ী, ২০১৭ সালের পর থেকে মক্কাকে লক্ষ্য করে হুতিদের এটি ছিল দ্বিতীয় প্রচেষ্টা। হুতিরা যদিও বরাবরই ইসলামি পবিত্র স্থানগুলোতে হামলার অভিযোগ অস্বীকার করে আসছে, তবুও ২৪ সেপ্টেম্বর মক্কাসহ ইয়ানবু, জেদ্দা, তায়েফ ও তাবুক অঞ্চলের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছিল সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।

শেয়ার করুন