আজ ২৫ অক্টোবর ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন। ১৯৯৫ সালের এই দিনে ঢাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে তার জন্ম হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা জাইমার দাদা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমান এবং দাদি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার নানা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ছোটবেলায় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে বেড়ে ওঠেন তিনি। জাইমা রহমানের বেড়ে ওঠা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রভাবশালী এক পরিবারে। পারিবারিক এই ঐতিহ্য ও রাজনৈতিক আবহের মধ্যে বড় হলেও জাইমা রহমান নিজের পথটি বেছে নিয়েছেন আইন ও জনসেবার অঙ্গনে।
তারেক রহমান গ্রেপ্তার ও জামিনে মুক্তির পর ২০০৮ সালে বাবার সঙ্গে লন্ডনে পাড়ি জমান জাইমা। দীর্ঘ প্রবাস জীবনের পাঠ চুকিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি মা-বাবার সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী ও সম্মানজনক প্রতিষ্ঠান ‘ইনার টেম্পল’ থেকে ২০১৯ সালে ‘বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর আইনি পেশায় যুক্ত হতে ২০২৬ সালের জুন মাসে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। তার বাবা তারেক রহমান গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি বাবার সঙ্গে ২০০৮ সালে লন্ডনে চলে যান। জাইমা যুক্তরাজ্যের ‘কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন’ থেকে আইনে স্নাতক (এলএলবি) সম্পন্ন করেন।
পেশাগত জীবনে নিজের দক্ষতার স্বাক্ষর রাখছেন ব্যারিস্টার জাইমা। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার বা আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। বর্তমানে তিনি সভাপতির এক্সিকিউটিভ অফিসের অধীনে আন্তর্জাতিক আইনি বিষয়াবলি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তদারকি করছেন।





