দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়াল বাজুস

প্রকাশ:

টানা দুই দফা মূল্যহ্রাসের পর দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাজুসের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়। একই দিন সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতির ওপর ভিত্তি করেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংশোধিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম এখন ২ লাখ ১১ হাজার ৪৬৮ টাকা। এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৬০৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, অলঙ্কারের মান ও নকশাভেদে মজুরির পার্থক্য থাকতে পারে। তবে স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

এর আগে গত ১৪ জুলাই বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৯২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার দাম বাড়ানো হয়েছে, ৪৭ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাটে সমন্বয় আনা হয়েছে।

শেয়ার করুন