আন্তর্জাতিক হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী দুটি ‘আপত্তিকর তেলবাহী জাহাজকে’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজ দুটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর চাপে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের ‘অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ পথে’ প্রবেশের চেষ্টা করছিল। আইআরজিসির দাবি অনুযায়ী, এই অঞ্চলটি তাদের ভূখণ্ড এবং হাজার মাইল দূর থেকে আসা আমেরিকান বাহিনীর হস্তক্ষেপের কোনো আইনি ভিত্তি নেই। এই কর্মকাণ্ডের কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তারা আরও জানায়, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি যতদিন থাকবে, ততদিন এই নৌপথ কোনো ধরনের পণ্য বা জ্বালানি পরিবহনের জন্য নিরাপদ থাকবে না। তবে আইআরজিসির এই দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, এই উত্তেজনার মধ্যেই ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা নবম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৯ জুলাই রাত ১০টা নাগাদ (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) এসব অভিযান শেষ হয়েছে। হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি কেন্দ্র, নৌ সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর সম্ভাব্য হামলার সক্ষমতা কমাতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।





