জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর

প্রকাশ:

জামায়াতে ইসলামীর রাজনৈতিক উত্থান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগামীর ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনাকে ধারণ করতে হলে জামায়াতের রাজনীতি এবং তাদের কথিত ষড়যন্ত্র সম্পর্কে সর্বদা সতর্ক ও সজাগ থাকতে হবে।

রবিবার (১৯ জুলাই) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে গণঅধিকার পরিষদের আয়োজনে ‘রক্তস্নাত জুলাই: প্রেক্ষাপট, রক্তের ঋণ এবং কোন পথে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

নুরুল হক নুর দাবি করেন, জামায়াত বাইরে সরকারবিরোধী নানা বক্তব্য দিলেও ভেতরে ইতিবাচক আলোচনা চালিয়ে যাচ্ছে। তাদের উসকানিমূলক মন্তব্যের ফলে সাধারণ মানুষ উত্তেজিত হচ্ছে, যা শেষ পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসনের সুযোগ তৈরি করে দিচ্ছে। আওয়ামী লীগকে ইতিহাসের অতীত অধ্যায় আখ্যা দিয়ে তিনি দাবি করেন, দলটির কোনো বর্তমান বা ভবিষ্যৎ নেই। তাই সরকারের প্রতি দলটির সব ধরনের রাজনৈতিক তৎপরতা কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছিল, তা অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতপন্থীদের পদায়নের মাধ্যমে ব্যাহত করা হয়েছে। তার ভাষ্যমতে, পুলিশ প্রশাসন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিসিএস ক্যাডার এবং জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিয়ে নুর বলেন, প্রযুক্তির অপব্যবহার করে জনমতকে প্রভাবিত করা হয়েছে এবং এমন একটি ধারণা তৈরি করা হয়েছে যেন জামায়াতই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। অথচ অনেক আসনেই বাস্তবতার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারের কোনো মিল ছিল না বলে তিনি জানান। তিনি সতর্ক করে বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া কিছু তরুণ রাজনৈতিক ভিত্তি গড়ার আগেই জামায়াতের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন, যা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। জামায়াতকে যারা সমর্থন করেন তারা সেখানেই থাকছেন, কিন্তু নতুন করে আরেকটি প্রক্সি রাজনৈতিক শক্তি তৈরি হলে জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা প্রশ্নবিদ্ধ হবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন