নরসিংদীতে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ:

নরসিংদীর শিবপুরে এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই পরীক্ষার্থী প্রাণ হারিয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের বাজনাব এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুরের আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী স্বাধীন (১৯) ও নাফিজ (২২)। এদের মধ্যে স্বাধীনের বাড়ি বাদুয়ারচরের পুরানপাড়ায় এবং নাফিজের বাড়ি নরসিংদী সদর উপজেলার হাজিপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের শিক্ষার্থী এবং তাদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র ছিল শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজে। এদিন তারা মার্কেটিং বিষয়ের পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শিবপুরগামী একটি মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার খবর পেয়ে শিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন