যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ঘটনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের প্রভাব পড়েছে। ১৭ জুলাই শুক্রবার আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলার ছাড়িয়ে গেছে। একইসাথে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে।
চলতি সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামই প্রায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ব্রেন্ট ক্রুড টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো মূল্যবৃদ্ধির ধারায় রয়েছে। এই ঊর্ধ্বগতির ফলে আগের দিনের দামের পতন পুরোপুরি কাটিয়ে উঠেছে বাজার।
তেলের দামের এই বৃদ্ধি বিশ্বব্যাপী শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব ফেলেছে। শুক্রবার সকালে এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে লেনদেন ছিল নিম্নমুখী। বিশেষ করে জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ দিনের শুরুতে ৩ শতাংশের বেশি কমে লেনদেন শুরু করে।
এদিকে, ইরানের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলায় সাতজন নিহত এবং আরও নয়জন আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, আহতদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এলাকায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি স্বীকার করেনি। এছাড়া হামলার সুনির্দিষ্ট কারণ বা নিহতদের পরিচয় এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি।




