চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, আকস্মিক এই ভূকম্পনে কয়েকশ বাড়িঘর ধসে পড়েছে। এতে অনেকে আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাদের সঠিক সংখ্যা জানা যায়নি।
ভূমিকম্পটি রাজধানী লাসার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত জনবিরল পার্বত্য এলাকা নাগকুতে আঘাত হানে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ৮০০ মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যমতে, ভূকম্পনের ফলে এলাকাটির বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।





