হরমুজ প্রণালিতে ভারতীয় নাবিক নিয়োগে দিল্লির নিষেধাজ্ঞা

প্রকাশ:

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে ভারতীয় নাবিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। গত সপ্তাহে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলায় অন্তত দুইজন ভারতীয় নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভারত সরকার এই কঠোর পদক্ষেপ গ্রহণ করল।

বিশ্বের বাণিজ্যিক জাহাজ খাতে সবচেয়ে বেশি নাবিক সরবরাহকারী দেশগুলোর একটি হলো ভারত। দেশটির নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তিন লাখ ২০ হাজারেরও বেশি ভারতীয় নাবিক এই খাতে কর্মরত ছিলেন। এই বিশাল কর্মীবাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ভারতের নৌপরিবহন মহাপরিদপ্তর গতকাল এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি দিয়ে চলাচল করবে এমন কোনো জাহাজে ভারতীয় নাবিক নিয়োগ দেওয়া যাবে না। জাহাজের মালিক ও নাবিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন