জার্মানির সাথে দীর্ঘদিনের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সংহত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। শুক্রবার সন্ধ্যায় বার্লিনের স্প্রিভোগেন প্রেসিডেন্ট ভবনে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারের আয়োজিত এক আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়ে তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্কের নানা দিক তুলে ধরেন। আমির বলেন, কাতার ও জার্মানির সম্পর্ক কেবল বাণিজ্যিক বা অর্থনৈতিক লাভের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি অভিন্ন নীতি, মূল্যবোধ, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত।
ইউরোপীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে জার্মানির গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে আমির জানান, বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের মধ্যে চলমান পরামর্শ ও সমন্বয় প্রক্রিয়া ভবিষ্যতে আরও জোরদার হবে। তিনি অর্থনীতি ও জ্বালানি খাতের পাশাপাশি প্রযুক্তি, বৈজ্ঞানিক গবেষণা এবং উন্নত শিল্প খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। আমিরের মতে, এই অংশীদারিত্ব উভয় দেশের সক্ষমতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আমিরকে স্বাগত জানিয়ে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার বলেন, বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফর দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্বের প্রতিফলন। তিনি কাতারের আধুনিকায়নে দেশটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, বিজ্ঞান ও উদ্ভাবনসহ বহুমুখী খাতে অংশীদারিত্ব সম্প্রসারণে জার্মানির দৃঢ় প্রতিশ্রুতির কথা জানান তিনি।
মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তজনা নিরসনে এবং অঞ্চলটিতে নতুন একটি নিরাপত্তা কাঠামো গঠনের উপায় নিয়ে দুই নেতা ফলপ্রসূ আলোচনা করেছেন। এ বিষয়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও পরামর্শ অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এই নৈশভোজে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি এবং আমিরের সফরসঙ্গী সরকারি প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
জার্মানির পক্ষ থেকে চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস, বুন্ডেসটাগের প্রেসিডেন্ট জুলিয়া ক্লকনারসহ সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী, জ্যেষ্ঠ কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ নৈশভোজে অংশগ্রহণ করেন। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।





