কাতারের আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয় মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর সুন্নাহর মর্যাদা, গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে তা অনুসরণের প্রয়োজনীয়তা তুলে ধরতে একটি বিশেষ প্রচারাভিযান পরিচালনা করছে। ‘বায়দা…
মিন ওয়াহই আল-সামা’ (আসমানি ওহি থেকে অনুপ্রাণিত) শীর্ষক এই কার্যক্রমটি ২ নভেম্বর শুরু হয়েছে এবং আগামী ১৮ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো ইসলামি শরিয়তের অন্যতম উৎস হিসেবে সুন্নাহর অবস্থান স্পষ্ট করা, কোরআনের সঙ্গে এর যোগসূত্র এবং রাসুলুল্লাহ (স.)-এর আনুগত্যের অপরিহার্যতা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া।
জুমার খুতবায় বিশেষ আলোচনা
প্রচারাভিযানের অংশ হিসেবে দেশটির বিভিন্ন মসজিদে জুমার খুতবায় সুন্নাহর গুরুত্ব নিয়ে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। এসব আলোচনার প্রধান বিষয়বস্তু নিচে তুলে ধরা হলো
- ৬ নভেম্বর: ‘সম্পদ একটি আমানত: স্থায়ী কল্যাণের গুরুত্ব’ শিরোনামে খুতবা প্রদান করা হয়।
- ১৩ নভেম্বর: ‘অপচয় করবেন না: ভোগের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা’ শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়।
খুতবাগুলোতে দৈনন্দিন আর্থিক লেনদেন এবং সামাজিক জীবনে রাসুলুল্লাহ (স.)-এর শিক্ষা অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে সততা অবলম্বন, পরিমিতিবোধ বজায় রাখা, সম্পদের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা এবং সব ধরনের অপচয় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয় মনে করে, সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে ধর্মীয় ও শিক্ষামূলক বার্তা পৌঁছে দিতে জুমার খুতবা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এর মাধ্যমে ইসলামি নীতিমালাকে বাস্তব জীবনে প্রয়োগের উপযোগী করা এবং নবীজির সুন্নাহর চর্চা আরও শক্তিশালী করা সম্ভব হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।





