দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ নিয়ে বর্তমানে আড়ালে কী হচ্ছে, তা পরিষ্কার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ১৬ নভেম্বর, সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে দলের কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি বলেন, এ বিষয়ে স্বচ্ছ জবাব না পেলে জনগণের আদালতে বিষয়টি তুলে ধরতে বাধ্য হবেন তারা। জামায়াত আমির বলেন, দেশ ও জাতি একটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ, জাতি ও উম্মাহর জন্য আমাদের কাজ করে যেতে হবে। মুমিন হিসেবে আমাদের এ বিষয়টি সর্বদা খেয়াল রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে।
দেশের সামগ্রিক পরিস্থিতি বর্তমানে বেশ চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, পার্থিব অর্জনের চেয়ে আখিরাতকে প্রধান লক্ষ্য ধরে নৈতিকতা ও দ্বীনি মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি স্তরের দায়িত্বশীলদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আখিরাত আমাদের প্রধান লক্ষ্য।
দেশের বিভিন্ন স্থানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, এসব বিষয়ে সরকারের দায়িত্বশীলদের বক্তব্য হতাশাজনক। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি বা সন্ত্রাস মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ১ হাজার ৪০০ জনের বেশি শহীদের আত্মত্যাগ ও হাজার হাজার আহতের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট একটি অপরিহার্য বিষয়। জামায়াতে ইসলামী সংসদে একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা অনড় অবস্থানে রয়েছেন। জনগণের কণ্ঠস্বর হয়ে তারা কোনো অন্যায়ের সঙ্গে আপস করবেন না বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নে আমাদের যে দাবি, তাতে আমাদের অনড় অবস্থান অটুট থাকবে, ইনশাআল্লাহ।





