১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় সংসদের ভেতরেই এমপি মাহমুদা মিতুকে প্রাণনাশের হুমকি

প্রকাশ:

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য মাহমুদা আলম মিতুকে আবারও প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। রোববার বিকেলে তিনি যখন জাতীয় সংসদের ভেতরে অবস্থান করছিলেন, তখন তার মুঠোফোনে একটি কল আসে। ফোন করা ব্যক্তি নিজেকে আওয়ামী লীগের সমর্থক পরিচয় দিয়ে তাকে দেশ ছাড়ার হুমকি দেয়। সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এই হুমকির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলটির পক্ষ থেকে হুমকিদাতার সঙ্গে এমপি মাহমুদার ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ডও গণমাধ্যমে সরবরাহ করা হয়েছে। বার্তা অনুযায়ী, বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। কথোপকথনের রেকর্ডে ওই তরুণকে বলতে শোনা যায়, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল। ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ একপর্যায়ে হুমকিদাতা মিতুকে সরাসরি বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’ আগামীকাল সোমবার একই সময়ে আবারও কল করার হুমকি দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন ওই তরুণ। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েও হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন চিকিৎসক মাহমুদা আলম।

নৈরাজ্য ও ধারাবাহিক হুমকি

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির মধ্যে এ পর্যন্ত মাহমুদা মিতুসহ এনসিপির তিনজন নেতা-কর্মী হুমকি ও আক্রমণের শিকার হয়েছেন।

মাহমুদা মিতু হুমকির কথা প্রকাশের ঠিক আগের দিন কুষ্টিয়ায় এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

তার আগের দিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিবুল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলা চালানো হয়। এছাড়া গত ৫ নভেম্বর এনসিপি থেকে পদত্যাগ করা সামান্তা শারমিনকেও হুমকি দেয়া হয়েছে। রোববার দুপুরে হোয়াটসঅ্যাপে কল করে ছাত্রলীগ পরিচয়ধারী এক ব্যক্তি সামান্তাকে ‘জয় বাংলা’ করার হুমকি দেয়। দেশব্যাপী রাজনৈতিক অঙ্গনের এই অস্থিরতা ও সংসদ সদস্যের নিরাপত্তাহীনতা নিয়ে এনসিপির পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। দলের নেতারা মনে করছেন, পরিকল্পিতভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত করার লক্ষে এসব হুমকি ও হামলা চালানো হচ্ছে। এনসিপি এই অডিও রেকর্ডটি পুলিশি তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে দেখছে। এমপি মাহমুদার নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে সংসদের নিরাপত্তা বিভাগ ও আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এই পরিস্থিতিতে এনসিপি তাদের নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

শেয়ার করুন