১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিটিআরসির চেয়ারম্যান পদে পরিবর্তন, নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

প্রকাশ:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে রদবদল এনেছে সরকার। সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে মেজর জেনারেল (অব.) মো. ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর এমদাদ উল বারীকে বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তার সেই নিয়োগের অবশিষ্ট মেয়াদ অবিলম্বে বাতিল করা হয়েছে। অন্যদিকে, ওয়াহিদ-উজ-জামানকে বিটিআরসির কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পাশাপাশি চেয়ারম্যান হিসেবে পদায়ন করা হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করবেন।

সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী ওয়াহিদ-উজ-জামানকে এই নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের পর থেকে তার অবসরোত্তর ছুটি ও অন্যান্য সংশ্লিষ্ট সুবিধা স্থগিত থাকবে। এ ছাড়া তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করার শর্ত দেওয়া হয়েছে।

শেয়ার করুন