রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি জানান, এই নিয়োগের ৮০ শতাংশই হবেন নারী। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যখাতে প্রতিরোধমূলক ব্যবস্থার জোর
ডা. জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো অতীতে সেভাবে উৎসাহিত করা হয়নি। এর ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। নিয়োগপ্রাপ্ত এক লাখ স্বাস্থ্যকর্মী, যাদের বড় অংশই নারী, তারা এসব প্রতিরোধমূলক ব্যবস্থা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, রোগ প্রতিরোধের জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা ও আস্থার প্রয়োজন রয়েছে। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটাই করে যাচ্ছে। তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, কাজের ধীরগতির কারণে তরুণ বিজ্ঞানীরা কিছুটা হতাশ হতে পারেন, তবে তাদের কাজ অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনে সাহায্য করছে ভেবে গর্বিত হওয়া উচিত। এ সময় তিনি আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির সকল বিজ্ঞানী ও কর্মীদের প্রশংসা ও অভিনন্দন জানান।
স্বাস্থ্যখাত সংস্কারের ৫ অগ্রাধিকার
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থার আমূল পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। সরকার এমন একটি ব্যবস্থা গড়তে চায়, যা রোগ হওয়ার আগেই প্রতিরোধ করবে এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করবে।
স্বাস্থ্যখাতের সংস্কারে সরকারের পাঁচটি অগ্রাধিকার ক্ষেত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন
- রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সুরক্ষায় গবেষণা জোরদার করা।
- প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা।
- ওষুধ শিল্পে উদ্ভাবন ও বায়োটেকনোলজিতে উৎসাহ প্রদান।
- ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) প্রসার করা।
- স্বাস্থ্য গবেষণায় একটি টেকসই ও উপযোগী পরিবেশ তৈরি করা।





