জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী এমপি নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর রাত ৮টায় পটিয়া পৌরসদরের থানার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পোস্ট অফিস চত্বরে গিয়ে শেষ হয়। এরপর আয়োজিত সমাবেশে বক্তারা জ্যোতির বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
পটিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবদুর রশিদের সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট আরমান আজাদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন। এছাড়াও উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নুরুল মোস্তফা মনিরী, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আলম, ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির, ভারপ্রাপ্ত সদস্যসচিব হাফেজ মো. সায়েদ সিদ্দিক সোহাগ, যুগ্ম আহ্বায়ক মো. আবদুল্লাহ আশরাফুল সিফাত, অমিত দাশ ও তাজরিয়ান হাসান সভায় বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন বলেন, পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ সময় ধরে দেশের মানুষের ওপর যে নির্যাতন, খুন ও গুম চালিয়েছেন, তাতে তাঁর আর রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি দেশে ফেরার যে চেষ্টা বা স্টান্টবাজি করছেন, তা সচেতন নাগরিকরা বুঝতে পেরেছে। সাজ্জাদ হোসেন আরও বলেন, শেখ হাসিনার যদি সামান্যতম দেশপ্রেম থাকত তবে তিনি ছাত্র-জনতাকে মোকাবিলা করতেন, পালিয়ে যেতেন না। বর্তমানে যারা নৈরাজ্য তৈরির উঁকিঝুঁকি দিচ্ছে, প্রশাসন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ছাত্র-জনতা নিজেরাই প্রতিরোধ গড়ে তুলবে।
সমাবেশে ছাত্রশক্তির আশরাফুল ইসলাম তৌকির প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের শক্তি হিসেবে আমরা বারবার হামলার শিকার হচ্ছি, অথচ প্রশাসন নির্বিকার। এ সময় তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভবিষ্যতে আর কোনো সহযোদ্ধার ওপর হামলা হলে ছাত্র-জনতা আর চুপচাপ বসে থাকবে না।





