তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ করার জোর আহ্বান জানান। কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য নতুন কোনো ঋণের বোঝা নয়, বরং প্রয়োজন অনুদান এবং নির্ভরযোগ্য আর্থিক সহায়তা। পাশাপাশি এসব দেশের জন্য ঋণ ত্রাণ সুবিধা, আধুনিক প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকার সবুজ শিল্পের প্রসারের পাশাপাশি বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা এগিয়ে নিচ্ছে। পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরেও প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।
তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে আমাদের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের ওপর ভিত্তি করে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে একে অপরের পরিপূরক হিসেবে গণ্য করছে।
বিদ্যুৎ চাহিদা পূরণে সরকারের মহাপরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে মোট চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্যমাত্রা রয়েছে। প্যারিস চুক্তির সাথে সামঞ্জস্য রেখে নেট জিরো নির্গমন নিশ্চিত করতে সরকার বিশেষ কর প্রণোদনার মাধ্যমে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন ও বর্জ্য থেকে জ্বালানি তৈরির উদ্যোগ নিয়েছে। নবায়নযোগ্য জ্বালানিতে ২০ শতাংশের লক্ষ্য।
পরিবেশ সুরক্ষায় সরকারের চলমান বিভিন্ন কর্মসূচির চিত্র তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধার, পদ্মা ও তিস্তা ব্যারেজ মাস্টার প্ল্যান বাস্তবায়ন এবং ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের কাজ চলমান রয়েছে, যা বন্যার ঝুঁকি কমাতে ও ভূগর্ভস্থ পানির স্তর বাড়াতে সাহায্য করবে। তিনি জানান, দেশে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে।
বর্তমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে অপ্রতুল আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ অবস্থায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দ, ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ ঋণ-ত্রাণ সুবিধা চালু, প্রযুক্তি হস্তান্তর, এবং নবায়নযোগ্য শক্তিতে উত্তরণ ত্বরান্বিত করা। এছাড়াও, তিনি ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের প্রস্তাব দেন।
জলবায়ু কর্মযজ্ঞে নারী ও তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখতে বিশ্বনেতাদের কাজ করতে হবে। শিল্পায়ন ও উন্নয়ন প্রক্রিয়ায় প্রকৃতিকে রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে হবে।
ভাষণের সমাপ্তিতে তারেক রহমান আশা প্রকাশ করেন, কপ-৩১ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থ সুরক্ষায় বিশ্বকে প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়ার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।





