২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেটে টেকসই অর্থায়নের দাবি

প্রকাশ:

বাংলাদেশে উচ্চ রক্তচাপজনিত অসুস্থতা ও অকালমৃত্যুর হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালে দেশে মোট ২ লাখ ৮৩ হাজার ৮০০ জন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, যার মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর পেছনে উচ্চ রক্তচাপের সরাসরি প্রভাব রয়েছে। বুধবার রাজধানীর বিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত “বাংলাদেশে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন: অগ্রগতি, বাধা এবং করণীয়” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় বিশেষজ্ঞরা এসব তথ্য তুলে ধরেন। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)-এর সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় জানানো হয়, অসংক্রামক রোগের কারণে দেশে প্রতি বছর প্রায় ৫ লাখ ৭০ হাজার ২৬৩ জনের মৃত্যু হচ্ছে, যা মোট মৃত্যুর ৭১ শতাংশ। এর মধ্যে ১৯ শতাংশই অকালমৃত্যু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘হেলথ অ্যান্ড মরবিডিটি স্ট্যাটাস সার্ভে-২০২৫’ অনুযায়ী, দেশের শীর্ষ ১০টি রোগের তালিকায় উচ্চ রক্তচাপ সবার উপরে রয়েছে। বিশ্বব্যাংকের তথ্য বলছে, দেশের স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ব্যয় করা হয়। এই অপর্যাপ্ত বরাদ্দের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকের এনসিডি কর্নারগুলোতে উচ্চ রক্তচাপের ওষুধের সরবরাহ প্রায়ই ব্যাহত হচ্ছে।

স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক বলেন, চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫.৩ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৪ শতাংশে উন্নীত করা হয়েছে, যা একটি ইতিবাচক পদক্ষেপ। এখন বর্ধিত বাজেটের একটি অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সুনির্দিষ্টভাবে বিনিয়োগ করা প্রয়োজন। চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, উচ্চ রক্তচাপ মোকাবিলায় টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তা জনসম্মুখে তুলে ধরতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা আরও জোরালো করতে হবে।

কর্মশালায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন জিএইচএআই-এর অ্যাসোসিয়েট ডিরেক্টর (নন-কমিউনিকেবল ডিজিজেস) এজিনে এজেকোয়েম, কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা’র কনভেনর মর্তুজা হায়দার লিটন এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। অনুষ্ঠানে বিষয়ভিত্তিক উপস্থাপনা প্রদান করেন প্রজ্ঞা’র কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার এবং প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল। সরকার স্বাস্থ্য বাজেট বাড়ালেও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিরবচ্ছিন্ন অর্থায়নের যে ঘাটতি রয়ে গেছে, তা দূর করা গেলে অকালমৃত্যুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন।

শেয়ার করুন