২০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি-সিরিয়া ঐতিহাসিক প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তি সই

প্রকাশ:

সৌদি আরব এবং সিরিয়া প্রতিরক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেছে। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরব নিজেদের আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এই উদ্যোগ গ্রহণ করেছে।

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা রিয়াদ সফরে এসে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে মিলিত হন। এক মাসের ব্যবধানে এটি তাদের দ্বিতীয় শীর্ষ বৈঠক। আলোচনা শেষে উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিক সহযোগিতার বিষয়ে এই নতুন চুক্তিতে সই করে। যদিও চুক্তির সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, হুথি বিরোধী লড়াইয়ে সিরিয়ার ভূমিকা ও সামরিক সহায়তার একটি আনুষ্ঠানিক কাঠামো তৈরির লক্ষ্যেই এটি করা হয়েছে।

প্রতিরক্ষা চুক্তির বাইরেও সিরিয়ার অভ্যন্তরীণ অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিতে ৪০ কোটি ডলারেরও বেশি ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রিয়াদ। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকেই সিরিয়ার অর্থনীতি পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির অবস্থান পুনরায় শক্তিশালী করতে সৌদি সরকার ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করে আসছে।

সিরীয় কূটনীতিকদের ভাষ্যমতে, দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম কিংবা অভিজ্ঞতা বিনিময়ের মতো যেকোনো কার্যক্রম এখন থেকে এই সরকারি চুক্তির আওতায় সম্পাদিত হবে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে সৌদি আরব ও সিরিয়ার ক্রমবর্ধমান এই ঘনিষ্ঠ সম্পর্ক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার করুন