যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ অবিলম্বে বন্ধের দাবি উঠেছে। এ যুদ্ধ চালিয়ে যেতে সরকারি তহবিল কমানোর পাশাপাশি নতুন করে আর কোনো অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস ভ্যান হলেন।
‘দ্য লেভার’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ভ্যান হলেন স্পষ্ট জানিয়ে দেন, আগামী ১১ ডিসেম্বরের পর ইরান যুদ্ধ অব্যাহত রাখতে অর্থ বরাদ্দের কোনো প্রস্তাবে ডেমোক্র্যাটদের সমর্থন দেওয়া অনুচিত হবে। তিনি স্মরণ করিয়ে দেন, গত সেপ্টেম্বরে কংগ্রেসে অনুমোদিত সরকারি সংস্থানের মেয়াদ ওই দিনই শেষ হতে যাচ্ছে। যুদ্ধটিকে অবৈধ আখ্যা দিয়ে এই মার্কিন সিনেটর বলেন, সাধারণ করদাতাদের অর্থ যাতে এই অবৈধ যুদ্ধ পরিচালনায় ব্যবহার না হয়, তা নিশ্চিত করা জরুরি।
একই সঙ্গে সিনেটের অভ্যন্তরীণ রাজনীতিতেও নিজেদের অবস্থান জোরদার করছেন এই ডেমোক্র্যাট নেতা। নির্বাচনের সাফল্যের পর সিনেটে ডেমোক্র্যাটদের দলীয় প্রধান হিসেবে চাক শুমারকে পুনর্বহাল করার বিষয়ে ভ্যান হলেন এখনো সায় দেননি। শুমারকে পুনরায় সমর্থন দেওয়ার আগে দলের উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নে তাঁর কাছ থেকে প্রয়োজনীয় প্রতিশ্রুতি আদায়ের ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।





