নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকালে সদর উপজেলার কাঠেরপুল এলাকায় বিক্ষোভ প্রদর্শনকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় শ্রমিকেরা হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কে আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে ফতুল্লার কাঠেরপুল এলাকার মাইক্রোফাইবার, লিবার্টিসহ আশপাশের একাধিক পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে কারখানা থেকে বের হয়ে সড়কে জড়ো হতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা অন্যান্য কারখানার শ্রমিকদের বের করে আনতে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং হাজীগঞ্জ-পোস্ট অফিস সড়কের কাঠেরপুল এলাকার বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।
পরবর্তী সময়ে শ্রমিকেরা একত্রিত হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকার দিকে যাওয়ার উদ্যোগ নিলে শিল্প পুলিশ ও থানা-পুলিশ যৌথভাবে তাঁদের পথরোধ করে। পুলিশ তাঁদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ এলাকা ছেড়ে শ্রমিকদের ছড়িয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড প্রয়োগ করে। দুপুর সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছিলেন।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, মাইক্রোফাইবার কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বাইরে এসে অন্যান্য কারখানার শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করেছিলেন। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। কোনোভাবেই শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি জানান, এ ঘটনায় জড়িত কয়েকজনকে আটক করা হয়েছে।
এর আগে টানা দুই দিন ধরে ৩০ হাজার টাকা মজুরির একই দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জালকুড়ি এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। তখনো পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং লিংক রোডে চার ঘণ্টা যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সার্বিক ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এর আগে গত দুইদিন যাবত ৩০ হাজার টাকা মজুরির দাবিতে ঢাকা- নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট ও জাল কুড়ি এলাকায় সড়ক অবরোধ করে।





