মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলকে কখনোই বৃহৎ শক্তিগুলোর ভূরাজনৈতিক দ্বন্দ্ব বা সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করা সমীচীন নয় বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার বেইজিংয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ কথা বলেন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জিনপিং জোর দিয়ে বলেছেন যে, এ অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সম্মিলিত অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সি চিন পিংয়ের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের মঞ্চে পরিণত হওয়া উচিত নয়।
বিশ্ব বর্তমানে এমন এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা বিগত এক শতাব্দীতেও দেখা যায়নি—এমন পর্যবেক্ষণ তুলে ধরেন চীনা প্রেসিডেন্ট। চলমান অস্থিরতা নিরসনে বেইজিং মধ্যপ্রাচ্যের নিরাপত্তাসংকট সমাধানে কার্যকর ও দূরদর্শী ভূমিকা রাখতে চায়। বিশেষ করে, ইরানকে কেন্দ্র করে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সংঘাত বন্ধের লক্ষ্যে চীন ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালে চীন ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম কোনো ওমানি রাষ্ট্রপ্রধান বেইজিং সফর করছেন। সুলতান হাইথাম বিন তারিক রোববার দুই দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। এই ঐতিহাসিক সফরে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আরব বিশ্বের দেশগুলোর সাথে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে বলে পুনরায় আশ্বস্ত করেছেন শি জিনপিং।





