ভোলার লালমোহন উপজেলায় বরিশাল থেকে প্রকাশিত ডিএফপিভুক্ত আঞ্চলিক দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার বিকেলে লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। দিনব্যাপী আয়োজনে স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন উপজেলা প্রতিনিধি আজিম উদ্দিন খান। দৈনিক সংবাদের প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল আজিজ শাহীন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. ফিরোজ মাহমুদ, লালমোহন প্রেসক্লাবের সহ-সভাপতি আমজাদ হোসেন খান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি সোলাইমান জমাদার।
আলোচনায় বক্তারা সংবাদপত্রের গুরুত্ব তুলে ধরে বলেন, গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়, বরং সমাজের অসঙ্গতি দূর করা, মানুষের অধিকার রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এটি একটি শক্তিশালী মাধ্যম। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নিরপেক্ষতার মধ্য দিয়ে পত্রিকাটি আগামী দিনে মানুষের আস্থার জায়গা আরও সুদৃঢ় করবে এবং সত্য ও ন্যায়ভিত্তিক সংবাদ পরিবেশনে আপসহীন থাকবে। প্রতিষ্ঠালগ্ন থেকে দুই বছর ধরে পত্রিকাটি যে পথচলা শুরু করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ জানান।
অনুষ্ঠানটিতে অংশ নেওয়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জাহিদ দুলাল, মানবজমিনের প্রতিনিধি হাসান পিন্টু, কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) প্রতিনিধি শাহিদুল তন্ময় এবং সাংবাদিক ইব্রাহিম আকাশ, নজরুল ইসলাম, শাহ আব্দুল মোতালেব, এমইউ মাহিম, নাহিদ ফরাজী ও মামুন হাজী। এছাড়া লালমোহন ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোরশেদ চৌধুরী ও ছড়াকার শফিকুল ইসলাম সবুজসহ বিশিষ্টজনরা আয়োজনে উপস্থিত থেকে পত্রিকার সাফল্য কামনা করেন।





