১৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ছয় দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশ:

নাটোরে শুরু হয়েছে বাংলাদেশ স্কাউটসের ছয় দিনব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী। শনিবার দুপুরে নাটোর শহরের ঐতিহাসিক রাণী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পুরীর আনুষ্ঠানিক সূচনা করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর শেষ হবে।

উদ্বোধনী বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলছে। অস্থির এই বিশ্বে ছয় কোটি স্কাউট সদস্য নিরলসভাবে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে, যা প্রশংসার দাবিদার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তারাই দেশের হাল ধরবে এবং জাতির নেতৃত্ব দেবে। এছাড়া অনুষ্ঠানের প্রধান অতিথি কাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং শিশুদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। হুইপ আরো বলেন, অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্যরা নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসীন হবে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি।

রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের পরিচালক মো. সাইফুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকার ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ মোট দুই হাজার ২০০ জন এই ক্যাম্পুরীতে অংশ নিয়েছেন। শিশুদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে এই ক্যাম্পে ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবের বিশেষ আয়োজন রাখা হয়েছে।

শেয়ার করুন