৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সৃজনশীল শিল্পকে অর্থনীতির মূলধারায় যুক্ত করার পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

প্রকাশ:

দেশের শিল্প, সংস্কৃতি, সংগীত, চলচ্চিত্র, থিয়েটার এবং গ্রামীণ কারুশিল্পের মতো সৃজনশীল খাতগুলোকে অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব খাতকে জিডিপি প্রবৃদ্ধির নতুন উৎস হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ‘ক্রিয়েটিভ ফুটপ্রিন্টস’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বইটি প্রকাশিত হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, প্রথাগত অর্থনৈতিক কাঠামোতে শিল্প ও সংস্কৃতিকে সবসময় কম গুরুত্ব দেওয়া হতো, তবে বর্তমান সরকার এই মানসিকতা থেকে বেরিয়ে এসেছে। সৃজনশীল শিল্পকে জাতীয় অর্থনীতির বিকাশে একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, এই খাতের উন্নয়নে সরকারি নীতিগত সহায়তার পাশাপাশি অর্থায়ন নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যে বাজেটে প্রয়োজনীয় তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে এবং বেসরকারি খাতের বিনিয়োগকেও উৎসাহিত করা হচ্ছে।

কারুশিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, পণ্যের আধুনিকায়ন ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। আমাজন, ইবে এবং আলিবাবার মতো বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে দেশি সৃজনশীল পণ্য বাজারজাতকরণের ক্ষেত্রে বিশেষ সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে প্রান্তিক শিল্পীরা তাঁদের কাজের সঠিক মূল্যায়ন পাওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জনের পথ আরও প্রশস্ত হবে।

বাংলাদেশের সংগীত, চলচ্চিত্র এবং হস্তশিল্পের সমৃদ্ধ ঐতিহ্যকে বিশ্বমঞ্চে ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টা দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এছাড়া বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হক তাঁদের বক্তব্যে সৃজনশীল অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরেন।

শেয়ার করুন