২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তা

প্রকাশ:

খুলনা নগরীর কেসিসি কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন জেলা পুলিশের এসআই মো. শাহ আলম (৪৩)। শুক্রবার রাত আড়াইটার দিকে দায়িত্ব পালন শেষে ফেরার পথে তিনি এই হামলার শিকার হন।

পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা উপজেলায় বিশেষ অভিযান শেষ করে রিকশায় করে পুলিশ ক্লাবে ফিরছিলেন ওই কর্মকর্তা। পথিমধ্যে তিনজন ছিনতাইকারী তার গতিরোধ করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা চাপাতি দিয়ে তার দুই হাতের কবজিতে আঘাত করে জখম করে। ঘটনার পরপরই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, এই ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন